সরকারের অপরিকল্পিত ও অপরিপক্ব সিদ্ধান্তগুলোর কারণেই বর্তমানে দেশে এক ধরণের অস্তিত্ব সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি বর্তমান শাসনব্যবস্থার কার্যপদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ বলেন, ‘আমরা বাংলাদেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের কায়দায় সবকিছু চালাতে চাচ্ছে। কীভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি করা যাবে, সরকার তাতে ব্যস্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপরিকল্পিত, অপরিপক্ব সিদ্ধান্তের জন্য দেশের এ করুণ অবস্থা।’

সরকারের নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা সরকারকে বলছি, যে কোনো আন্দোলনে আওয়ামী খুঁজেন। কিন্তু আপনাদের কাছে তো সব গোয়েন্দা থাকার পরও কীভাবে আওয়ামী লীগ ঢুকে যায়। কারণ আপনাদের নেতাকর্মীরা টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিয়েছেন বলেই তারা আজ সাহস পাচ্ছে।’

শ্রমিক আন্দোলনের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সরকারের প্রতি তাঁর আহ্বান ছিল স্পষ্ট। তিনি বলেন, ‘শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের লোকজন ঢুকেছে। এখন কি শ্রমিকদের দোষ দেবেন। তা হতে পারে না।’

দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনারা চাঁদাবাজি বন্ধ করে দেন। দেখবেন শ্রমিকদের বেতন দেওয়া যাবে। মালিকদের টাকা দেওয়া সম্ভব হবে। আপনারা অযোগ্য মন্ত্রীদের, চাঁদাবাজদের সরিয়ে দেন। দেখবেন আওয়ামী লীগ আর পাবে না।’