ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন আর আমাদের মাঝে নেই। তিনি ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, ঢাকায় বেড়াতে গিয়ে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তার নিজ গ্রাম খামারমুন্দিয়ায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগের দিন তিনি ঢাকায় গিয়ে রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাসায় অবস্থান করছিলেন। রাত দুইটার পর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবিবাহিত এই নেতা মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ইসরাইল হোসেন জীবন ছিলেন একজন অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই আকস্মিক প্রয়াণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি কামাল আরাদ পান্নু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ডা. নুরুল ইসলাম ও ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের অনেক নেতাকর্মী।

এদিকে, ইসরাইল হোসেন জীবনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আগামী দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।