জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মনে করেন, বর্তমান সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা নেই। তার মতে, আট মাস অতিবাহিত হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে সরকার। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়নও হয়নি। তিনি অভিযোগ করেন, বিএনপি সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। এই সরকারের কর্মকাণ্ডের জবাব দিতে এবং তাদের শায়েস্তা করতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, “এই সরকারকে শায়েস্তা করতে আমরা আন্দোলন চালিয়ে যাব। এজন্য জনগণকে রাজপথে নেমে আসতে হবে।”
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা অ্যাকাডেমিতে এনসিপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন এবং দলের সাংগঠনিক অগ্রগতির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার পুনরায় গ্যাসের দাম বাড়িয়েছে, যার ফলে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, গ্যাসের দাম এভাবে বাড়তে থাকলে তা বাজারে ৩ হাজার ৩৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
অন্যদিকে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে তিনি বলেন, শ্রমিকদের সাথে সরকারের আলোচনা করা প্রয়োজন ছিল, কিন্তু সঠিক সময়ে উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে।” একই সাথে তিনি প্রশ্ন তোলেন, অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও বর্তমানে বিএনপি কেন তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে তার সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে। তার অভিযোগ, বিরোধী দলের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে, অথচ যারা দেশের ও জাতির শত্রু, তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে। তিনি সতর্ক করে বলেন, ডিসেম্বরে দেশের পরিস্থিতির কোনো অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে। ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে সক্রিয় থাকবে এবং জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় আন্দোলন চলবে।
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে কথা বলে তিনি জানান, সরকারের ব্যর্থতার কারণেই গঙ্গা চুক্তি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে।
পাবনার এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।