‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই বিশেষ দিবসটি যথাযথভাবে পালন করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দিষ্ট কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।

সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।” এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য বিশেষ আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করার কথা বলা হয়েছে ওই চিঠিতে।

মাউশির পক্ষ থেকে প্রেরিত আরও একটি পৃথক চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে চলতি বছর ৭ নভেম্বর তারিখটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করতে পারছেন না। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ওই দিন বিশেষ কর্মসূচি নির্ধারিত থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিত হতে হচ্ছে।