প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের লক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এই বিষয়ে একটি চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

তবে চলতি বছর ৭ নভেম্বর তারিখটি শনিবার পড়েছে, যা আগে থেকেই সাপ্তাহিক ছুটির দিন হিসেবে নির্ধারিত। ফলে এই বিশেষ দিবসের সাধারণ ছুটিটি সাপ্তাহিক ছুটির সাথে মিলে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা আলাদাভাবে অতিরিক্ত কোনো ছুটি ভোগ করতে পারছেন না।

উল্লেখ্য যে, এর আগে গত ৫ অক্টোবরের মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে এবং এ উপলক্ষে প্রতিবছর এ দিন সাধারণ ছুটি থাকবে।