সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারের বিষয়ে সারা দেশের মাদ্রাসার সুপার, অধ্যক্ষ এবং ইবতেদায়ি প্রধানদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের স্বাক্ষরিত এই নির্দেশনাটি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনাটিতে উল্লেখ করা হয়েছে যে, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ব্যক্তিগত ওয়ালে এবং বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে অশোভন, শিষ্টাচার বহির্ভূত এবং উসকানিমূলক পোস্ট দিচ্ছেন। এই ধরনের কর্মকাণ্ডের ফলে সারা দেশে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, যার চূড়ান্ত প্রভাব পড়ছে মাদ্রাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রমের ওপর এবং তা বিঘ্নিত হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শিক্ষকদের এই ধরনের কার্যকলাপের কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর ১০ (৬), ১০ (ছ) ও ১০ (ঝ) অনুচ্ছেদের পরিপন্থি” এবং “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬” এর ১৮ (গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায়, অধিদপ্তরের ভাবমূর্তি নষ্ট হতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে শিক্ষক ও কর্মচারীদের বিরত থাকার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।