মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বরপ্লেট বসানোর ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি প্রদান করতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা ও কাঠামোর ভিন্নতার কথা মাথায় রেখে একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে এই নতুন নিয়মে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করার মাধ্যমে সামনের নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে যে বাধাগুলো ছিল, তা দূর করা হয়েছে। সংশোধিত এই বিধিমালার আওতায় নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা এবং নম্বর লেখার বিন্যাসে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার (১ নভেম্বর) প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিধিমালার ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর আগের প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। এছাড়া মোটরসাইকেলের নকশা বিবেচনা করে বিভিন্ন মাপের বিপরীতমুখী প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে সংস্থাটিকে।
এর পাশাপাশি সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের মাপ নির্ধারণের ক্ষমতা বিআরটিএ-কে দেওয়া হয়েছে। প্লেটের ওপরের ফাঁকা জায়গা এবং সংখ্যা ও হাইফেনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের ক্ষমতাও তাদের হাতে ন্যস্ত করা হয়েছে। এক লাইনে নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। এই সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
অন্যদিকে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধি করেছে বিআরটিএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নম্বরপ্লেট সংযোজন করা যাবে। এর আগে এই কার্যক্রমের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।
বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন করা কঠিন হয়ে পড়ায় সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বিআরটিএ। সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই নিয়ম পালন না করলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে আগেই সতর্ক করেছিল সংস্থাটি।