ঢাকা-কুমিল্লা মহাসড়কের কুমিল্লা অংশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কালাকচুয়া এলাকায় মদিনা সিএনজি পাম্পের বিপরীত পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডিস্ট্রিক্ট ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনা প্রসঙ্গে ময়নামতি হাইওয়ে থানার এসআই শাহাবুদ্দিন বলেন, “নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।”