নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার পাঁচ বছরের সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের লহুরীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার আমতলী গ্রামের মৃত আনিসুল হকের ছেলে মাহমুদুল হক শাহীন (৪০) এবং তার পাঁচ বছরের ছেলে রাজিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ছয় আরোহী আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।
আহত চারজন হলেন নিহত শাহীনের সাত বছরের ছেলে সানোম, স্ত্রী তুহিন আক্তার (২৮), শফিক (৩৫) ও কাউসার (৩৬)। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার উপপরিদর্শক নূরুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।