ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় গতির লড়াইয়ে অনেক চালকই বিশ্বজুড়ে তারকা হয়ে উঠেছেন। তবে এই প্রতিযোগিতায় জয়লাভের পেছনে কেবল চালকের ব্যক্তিগত দক্ষতা বা বুদ্ধিমত্তাই যথেষ্ট নয়, বরং এর পেছনে কাজ করে তথ্যনির্ভর এক বিশাল ও জটিল কার্যক্রম। বর্তমানে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং এবং অ্যাজুর ব্যাচের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সমন্বয়ে রেসের কৌশলবিদেরা রিয়েল-টাইমে হাজার হাজার সিমুলেশন পরিচালনা করছেন, যা রেসের মোড় ঘুরিয়ে দিচ্ছে।

মার্সিডিজ-এএমজি পেট্রোনাস এফ১ টিমের লিড রেস কৌশলবিদ জোসেফ ম্যাকমিলান বলেন, ‘অ্যাজুর ব্যাচ আমাদের রেস স্ট্র্যাটেজিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এর মাধ্যমে আমরা পুরো রেসের প্রতিটি ল্যাপ, পিট স্টপ ও ওভারটেকের দৃশ্যপট মুহূর্তেই সিমুলেশন করতে পারি। ভালো কৌশলবিদ হতে গেলে যৌক্তিক চিন্তা, ডেটা বিশ্লেষণ ও মডেলিংয়ে দক্ষ হতে হয়। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই কোডিং টুল ব্যবহারের ফলে অতি দ্রুত জটিল সিমুলেশন দ্রুত চালু করা সম্ভব হচ্ছে।’

ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গণিতে পিএইচডি সম্পন্ন করার পর মার্সিডিজ এফ১ টিমে যোগ দেন ম্যাকমিলান। বর্তমানে তিনি দলটির কৌশল বিভাগের নেতৃত্ব প্রদান করছেন। গত ৩ মে মিয়ামি গ্রাঁ প্রি শুরুর আগে ট্র্যাকের পাশের কনসোলে বসে তিনি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করছিলেন। ওই রেসে ব্রিটেনের জর্জ রাসেল পঞ্চম স্থানে এবং ১৯ বছর বয়সী কিমি আন্তোনেল্লি পোল পজিশন থেকে যাত্রা শুরু করেন। ফর্মুলা ওয়ান রেসে এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময়ের ব্যবধানেও জয়-পরাজয় নির্ধারিত হতে পারে। তাই রেস স্ট্র্যাটেজিস্টের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায় সঠিক সময়ে চাকার টায়ার পরিবর্তন এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।

রেস চলাকালীন প্রতিপক্ষের গাড়ির গতিবিধি এবং আবহাওয়ার মতো বিভিন্ন পরিবর্তন বিশ্লেষণ করে অত্যন্ত অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। মিয়ামি গ্রাঁ প্রিতে আন্তোনেল্লি শুরুতে রেসের নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিলেন। এই সংকটময় পরিস্থিতি সামাল দিতে ম্যাকমিলান তাৎক্ষণিকভাবে 'আন্ডারকাট' কৌশল প্রয়োগ করেন। আন্ডারকাট হলো এমন একটি পদ্ধতি যেখানে সামনের গাড়ির আগেই পিট স্টপ নেওয়া হয়, যাতে নতুন টায়ারের মাধ্যমে গতি বাড়িয়ে প্রতিপক্ষকে টেক ওভার করা যায়। আকাশ মেঘলা থাকা সত্ত্বেও হালকা ড্রাই টায়ারে আন্তোনেল্লির গাড়ির গতি বাড়ানোর ঝুঁকি নিয়েছিলেন ম্যাকমিলান। রেডিও ইন্টারকমে নির্দিষ্ট মেসেজ পাঠিয়ে নিখুঁত সময়ে আন্তোনেল্লিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এই কৌশলটি শতভাগ সফল হয় এবং আন্তোনেল্লি পুনরায় রেসের নেতৃত্বে ফিরে এসে শেষ পর্যন্ত ট্রফি জয় করেন।

রেস শেষে চালক কিমি আন্তোনেল্লি জানান, “কৌশলবিদেরা চমৎকার কাজ করেছেন। দুর্দান্ত কৌশলের মাধ্যমে বড় একটা জয় নিশ্চিত করেছেন তাঁরা।” অন্যদিকে ম্যাকমিলান জানান, এই জয়টি প্রমাণ করে যে তথ্য বিশ্লেষণ এবং কৌশলবিদ দলের নেওয়া নিখুঁত পরিকল্পনা ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।