যুক্তরাষ্ট্রে প্রতিবছর আগের তুলনায় অনেক বেশি বাদুড় মারা যাচ্ছে। বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসে ২০০৩ সালে, যখন পশ্চিম ভার্জিনিয়ার এক পাহাড়ে নবনির্মিত বায়ুবিদ্যুৎকেন্দ্রে কয়েক হাজার মৃত বাদুড় উদ্ধার করা হয়। সম্প্রতি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯৮১ থেকে ২০২৪ সালের মধ্যে বায়ুবিদ্যুৎকেন্দ্রের বিশাল টারবাইনের কারণে আনুমানিক ১ কোটি ৮৭ লাখ বাদুড়ের মৃত্যু হয়েছে।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০ বছর আগে প্রতিবছর গড়ে ১ লাখ বাদুড় মারা যেত। তবে ২০২১ সালে বায়ুবিদ্যুৎকেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার পর এই মৃত্যুর সংখ্যা বছরে ১৫ লাখে উন্নীত হয়েছে। গত চার দশকের হিসাব অনুযায়ী, বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইনের আঘাতে মৃত্যু হওয়া বাদুড়ের সংখ্যা ২০০৬ সালে উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়া মারণ ছত্রাকজনিত রোগ হোয়াইট-নোজ সিনড্রোমের কারণে হওয়া ক্ষতির প্রায় সমান। ব্যাট কনজারভেশন ইন্টারন্যাশনালের প্রধান বিজ্ঞানী উইনিফ্রেড ফ্রিক এই তথ্যকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী এবং এই গবেষণার জ্যেষ্ঠ লেখক বেথানি ফ্রিড জানান, অ্যাপালেচিয়ান পর্বতমালা অঞ্চলটি বাদুড় মৃত্যুর বড় হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। ২৭৭টি কেন্দ্রের ৪৯৯টি প্রতিবেদন বিশ্লেষণ করে তৈরি করা একটি মডেল থেকে জানা গেছে, নদীর কাছাকাছি এবং পুরোনো খনির প্রবেশপথের কাছে তৈরি উইন্ড ফার্মগুলোতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এ ছাড়া বড় ব্লেড যুক্ত টারবাইন এবং মাটির কাছাকাছি ঘূর্ণমান ব্লেডগুলো বাদুড়ের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
গবেষণায় আরও দেখা গেছে, সাম্প্রতিক সময়ে মৃত্যুর শিকার হওয়া বাদুড়গুলোর মধ্যে ৮৯ শতাংশই ছিল পরিযায়ী প্রজাতির। এদের মধ্যে হোয়ারি ব্যাট অন্যতম। তবে আমেরিকান ক্লিন পাওয়ার অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র জানিয়েছেন, বায়ুবিদ্যুতের শিল্প খাত বাদুড়ের ঝুঁকির বিষয়ে সচেতন এবং তাদের সংরক্ষণ ব্যবস্থা আরও জোরদার করতে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইনের কারণে বাদুড়ের সংখ্যা কমে গেলে তা কেবল তাদের প্রজাতির অস্তিত্বের ওপর হুমকি নয়, বরং কৃষি খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। যেহেতু পোকামাকড়খেকো বাদুড় কমে গেলে কৃষকদের ক্ষতিকর কীটনাশকের ব্যবহার বাড়াতে হয়, তাই এটি পরিবেশের জন্য ক্ষতিকর। ইউরোপের বায়ুবিদ্যুৎকেন্দ্রের তথ্যের ওপর ভিত্তি করে জার্নাল অব অ্যাপ্লাইড ইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বাদুড়ের উড্ডয়ন উপযোগী সময়ে উইন্ড টারবাইন বন্ধ রাখলে ৮০ শতাংশের বেশি বাদুড়ের মৃত্যু রোধ করা সম্ভব। এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রে সব ধরনের বাদুড় রক্ষায় সরকারিভাবে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করার জন্য আহ্বান জানিয়েছেন পরিবেশবিজ্ঞানীরা।