এক দিন আগেও যে ঘরে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খুশিতে উৎসবের আমেজ ছিল, সেখানেই এখন কান্নার রোল। পরিবারের একমাত্র ছেলে সাকিব ব্যাপারীর (২১) সাফল্যের পর সদস্যদের মনে ছিল স্বস্তি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। পরীক্ষায় পাসের পরদিনই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাকিব। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার।
ঘটনাটি ঘটেছে রোববার (১ নভেম্বর) দুপুরে। লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের রামগঞ্জ উপজেলার পদ্মা বাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের একমাত্র সন্তান। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তিনি লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামক একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। রোববার কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
সাকিবের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা-বাবা ও আত্মীয়-স্বজনরা।
এদিকে এই দুর্ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রামগঞ্জের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভের কারণে ওই সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “দুর্ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।”