জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নাশকতার মামলায় পুতুল রাণী (৩২) নামের উপজেলা কৃষক লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে আদালতের শুনানির পর তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১ নভেম্বর) দুপুরে পৌর শহরের কিংজাল্লা এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে পুতুল রাণীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পুতুল রাণী ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনটির নেত্রী। তার বাবার নাম মৃত সাদাফল এবং তিনি ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারীপাড়া (কিংজাল্লা) এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ফজলু মিয়া বাদী হয়ে ১৩ নম্বর মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার অন্যতম আসামি হিসেবে পুতুল রাণীর নাম উল্লেখ ছিল। মামলায় তার সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এই বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “সন্ত্রাসবিরোধী আইনে ফজলু মিয়ার দায়ের করা ১৩ নম্বর মামলার আসামি পুতুল রাণীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”