বিচারপ্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তর এবং ন্যায়বিচারে সাধারণ মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘ই-পারিবারিক আপিল আদালত ৩’ এবং নতুন ‘ই-পারিবারিক আদালত ১৪’। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশেষ আদালতের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় তিনি বিচার বিভাগের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান। এছাড়া অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন স্তরের বিচারক, আইনজীবী এবং বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কবির, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ রাশেদ হায়দার নূরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রিয়াদুজ্জামান এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. মেসবাউল ইসলাম জিয়ন। তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের আইটি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নতুনভাবে চালু হওয়া এই ই-পারিবারিক আপিল আদালতের মাধ্যমে পারিবারিক মামলার বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার আরও বহুগুণ সম্প্রসারিত হবে। এই আধুনিক ব্যবস্থায় বিচারপ্রার্থীরা এখন থেকে অনলাইনে তাদের মামলার সর্বশেষ তথ্য জানতে পারবেন এবং ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর ফলে বিচারপ্রার্থীদের আদালতে যাতায়াতের ঝামেলা কমবে, কাগজের নথি সংরক্ষণ সহজ হবে এবং বিচারিক কার্যক্রমের বিভিন্ন ধাপে ব্যয় হওয়া সময় ও শ্রমের সাশ্রয় হবে।

উল্লেখ্য যে, এর আগে ঢাকা ও চট্টগ্রামে ই-পারিবারিক আদালত চালু করা হয়েছিল। গত বছর নভেম্বর থেকে ঢাকা ফ্যামিলি কোর্ট ৫ এবং ডিসেম্বর থেকে চট্টগ্রাম ফ্যামিলি কোর্ট ১-এ ড্যাফোডিল ইউনিভার্সিটির তৈরি এই সিস্টেম অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়ে আসছে। সেই সফল অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালুর মাধ্যমে ডিজিটাল বিচারিক সেবার পরিধি আরও বিস্তৃত করা হলো। কর্তৃপক্ষ আশা করছে, কাগজবিহীন বিচারিক কার্যক্রম, মামলার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ এবং বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজ সেবা প্রদানের ক্ষেত্রে এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।