বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা।
রোববার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অধ্যাপক ড. শামীমা সুলতানাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে গত ২৫ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ প্রদান করলেন।”
নিয়োগ সংক্রান্ত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, “সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।”