গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম তার অদম্য ইচ্ছাশক্তির জোরে ৪৭ বছর বয়সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবার প্রশংসা কুড়াচ্ছেন। তিনি এই পরীক্ষায় জিপিএ-৪.৬৩ অর্জন করেছেন। আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা তুরাব আলীর পুত্র।
প্রাপ্ত তথ্যানুসারে, ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছিলেন আমিনুল ইসলাম। তবে এরপর দীর্ঘ ২৭ বছর তিনি পড়াশোনা থেকে দূরে থাকেন। পারিবারিক দায়িত্ব এবং জীবিকার তাগিদে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। পরবর্তীতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি অনুভব করেন যে, নিজেকে আরও শিক্ষিত করে গড়ে তোলা প্রয়োজন। এই প্রবল তাগিদ থেকেই ২০২৪ শিক্ষাবর্ষে তিনি গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় অবস্থিত সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর সংসার সামলানো, ব্যক্তিগত কাজ এবং জনপ্রতিনিধির ব্যস্ত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নতুন করে পড়াশোনায় মনোনিবেশ করেন এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নিজের এই অর্জন সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার কোনো বয়স থাকতে নেই, শুধু ইচ্ছাশক্তির প্রয়োজন। যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারা আমার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পাবেন বলে আশা করি। সংসার ও দায়িত্ব সামলেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি। সুযোগ হলে আগামীতে অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাই।”
আমিনুল ইসলামের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁঞা। তিনি জানান, “৪৭ বছর বয়সে এইচএসসি পাস করাটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল করা বর্তমান সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত।”