বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন।
গত শনিবার রাজধানীর শাহীনবাগে অবস্থিত হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা। জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন এডিএন ডিজিনেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সোহায়েল রেজা। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উইজডম ভ্যালি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিকম কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন এএসকে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিকুর রহমান।
কার্যনির্বাহী কমিটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোট ছয়জন সদস্য। তাঁরা হলেন— ভাইজার এক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামাল ইউসুফ, ইগনাইট টেক সলিউশনস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান, টিকন সিষ্টেম লিমিটেডের পরিচালক এস এম মসিউর রহমান, ফ্রাইডেসফট লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল সালাম, ইনভিক্টা সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. একরামুল হায়দার।
বাক্কোর নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিম মুক্তকণ্ঠকে বলেন, ‘দেশের বিপিও, আইটি ও আইটিইএস খাত আজ বিশ্বদরবারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় একটি খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যপ্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তথ্যপ্রযুক্তি খাতের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমরা সবার সহযোগিতা আশা করছি।’
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে বাক্কোর সম্মানিত সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’
উল্লেখ্য যে, পুরো নির্বাচনটি বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে একই শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘোষিত প্রাথমিক ফলাফলের বিষয়ে যদি কোনো আপত্তি বা অভিযোগ থাকে, তবে নির্ধারিত বিধি অনুযায়ী আপিল করার সুযোগ থাকবে। নির্বাচনী আপিল বোর্ড সেই অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। আপিল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষ হওয়ার পর নির্বাচনের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।