প্রচলিত প্রবাদ আছে যে, অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়। আর রস+আলোর বি.স.-এর ক্ষেত্রে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে এমন যে, তিনি যেদিকেই তাকান, আইডিয়া শুকিয়ে যায়! তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করলে তাকে খুব একটা দোষ দেওয়া যায় না। সারা দেশজুড়ে এখন নানা ধরনের সংকট প্রকট। গ্যাসের সংকট, তেলের সংকট, বিদ্যুতের সংকট এবং পানির সংকট—সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। এই চরম সংকটের ভিড়ে 'আইডিয়া' নামক বিষয়টি আর বাদ যাবে কেন? সেটিও আজ সংকটের মুখে পড়েছে। যখনই কোনো জুতসই আইডিয়া বের করার চেষ্টা করা হয়, তখনই মাথায় প্রথম যে চিন্তাটি আসে তা হলো—এর জন্য কয়দিন জেল খাটা লাগতে পারে! ফলে মূল আইডিয়াটি ভুলে গিয়ে তখন জেলে গেলে কীভাবে সময় কাটানো যাবে, সেই পরিকল্পনা করতে বসে যান তিনি। একেই বলে প্রকৃত মুসিবত!
যাহোক, পাঠকদের কাছে স্যরি। আইডিয়া–সংকটের জন্য এই সংখ্যায় আপনাদের খুশি করতে পারলাম না। মানে, কভার দিতে পারলাম না।
তবে এই পরিস্থিতির বিপরীতে পাঠকদের জন্য একটি বিশেষ আইডিয়া দেওয়া হয়েছে। কভারবিহীন এই রস+আলো যদি আপনার রসালোনুভূতিতে আঘাত করে, তবে একটি কাজ করতে পারেন। রংপেনসিল নিয়ে বসে পড়ুন এবং কভারের খালি জায়গায় নিজের পছন্দমতো একটি কভার এঁকে ফেলুন। এরপর সেই দুর্দান্ত কভারের একটি ছবি তুলে রস+আলোর অফিশিয়াল পেজকে ট্যাগ করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করুন।
সেরা তিনটি কভার ছাপা হবে পরবর্তী সংখ্যায়।
আর ৫০০ টাকার অর্থ পুরস্কার তো থাকবেই।
টাকাটা পেলে আপনি অবশ্যই খুশি হবেন। তবে একটু পরেই হয়তো মনে পড়বে যে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই অস্থির সময়ে ৫০০ টাকা আসলে কোনো টাকাই না। তখন হয়তো কিছুটা মন খারাপ হবে। কিন্তু কী আর করার! লোকে তো আর অকারণে বলে না, যত হাসি তত কান্না
—বি.স