যশোর জেলার কেশবপুর উপজেলায় এক ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে পড়ে থাকা অবস্থায় লাশ দুটি উদ্ধার করে হেফাজতে নেয় কেশবপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণডাঙ্গা গ্রামের ওই ধানখেতে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ধারণা করা হচ্ছে, নিহত নারী ও পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর।

শনিবার রাত ১০টার পর এই ঘটনার বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা আছে। আর নিহত নারীর পরনে ম্যাক্সি। পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পরে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হবে। নিহত দুজনকে এলাকাবাসী চিনতে পারছেন না। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। লাশ দুটির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”