ফরিদপুরের আলফাডাঙ্গায় রুমান তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে পৌর এলাকার নওয়াপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুমান ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে। তিনি আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সময় মায়ের কাছে টাকা চাইতেন রুমান। ঘটনার রাতেও টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে জানা গেছে।
রুমানের মা নাজমা বেগম জানান, রাত আনুমানিক দেড়টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য তিনি ঘর থেকে বের হন। এ সময় ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে রুমানের মরদেহ নিচে নামান।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।