মাগুরায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলার আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক পৃথক দুটি ঘটনায় এই প্রাণহানি ঘটে।
নিহত দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে—বাপ্পি হোসাইন (১৮) এবং অনন্যা শিকদার (১৭)। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, নিহত বাপ্পি হোসাইন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি চলতি বছর শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর বাপ্পি জানতে পারেন যে তিনি অকৃতকার্য হয়েছেন। এরপর দুপুর ১২টার দিকে তার নিজ বাড়িতেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, অনন্যা শিকদার সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদার ও অলোকা শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার পর অনন্যা নিজের কক্ষে চলে যান। দীর্ঘক্ষণ কক্ষের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। এরপর তারা ঘরে ঢুকে তাকে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
এই ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, “দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”