কোনো ধরনের বিশেষ শর্ত ছাড়াই মডেল হওয়ার আবেদন করার সুযোগ দিচ্ছে ‘ফেস অব টুয়েলভ’। এই উদ্যোগের আওতায় নির্বাচিত ব্যক্তিদের জন্য মাসিক বেতনের সুবিধাও থাকবে।
সাধারণত মডেলিংয়ের ক্ষেত্রে বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের কঠোর নিয়ম থাকে, তবে ‘ফেস অব টুয়েলভ’ এসব নির্দিষ্ট শর্তের তোয়াক্কা না করেই মডেল হওয়ার সুযোগ করে দিয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্য থেকে নতুন ও বৈচিত্র্যময় মুখ খুঁজে বের করা। যারা নির্বাচিত হবেন, তারা জনপ্রিয় ফ্যাশন হাউস টুয়েলভের লিড মডেল হিসেবে কাজ করার অনন্য সুযোগ পাবেন।
টুয়েলভের চিফ অপারেটিং অফিসার (সিওও) মতিউর রহমান বলেন, “ফ্যাশন ব্র্যান্ড হিসেবে তাঁরা এমন মানুষের মাধ্যমে পোশাক তুলে ধরতে চান, যাঁদের মধ্যে ক্রেতারা নিজেদের খুঁজে পাবেন। পোশাক দেখে ক্রেতাদের মনে যেন এ ধারণা তৈরি হয় যে এসব পোশাক তাঁরাও খুব সহজে পরতে পারবেন।”
নির্বাচিত মডেলদের সাথে টুয়েলভের দুই বছরের একটি এক্সক্লুসিভ চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির আওতায় তারা ব্র্যান্ডটির বিভিন্ন ক্যাম্পেইন এবং প্রডাক্ট শুটে নিয়মিত অংশ নেবেন। এর বিনিময়ে তারা প্রতি মাসে নির্দিষ্ট বেতন পাবেন। এছাড়া প্রতি মৌসুমে টুয়েলভের পক্ষ থেকে নির্বাচিত মডেলদের জন্য বিশেষ ফ্যাশন পণ্য উপহার হিসেবে দেওয়া হবে।
সুবিধা শুধু মডেলদের জন্যই নয়, তাদের পরিবারের সদস্যদের জন্যও থাকবে বিশেষ ছাড়ের ব্যবস্থা। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজরা মাহমুদের সরাসরি তত্ত্বাবধানে তাদের মডেলিং এবং কনটেন্ট তৈরির বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। এর পাশাপাশি গ্রুমিং ও ফিটনেস প্রশিক্ষণের সুযোগও থাকবে। যারা এই সুযোগে আগ্রহী, তারা অনলাইন নিবন্ধন ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন।
নিবন্ধন লিংক: https://forms.gle/K1QdPkY9ZKWLDnhZ7