এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি মনে করেন, শিক্ষার্থীদের পাঠদান ও শেখার প্রক্রিয়ায় যে ঘাটতি ছিল, তা পরীক্ষার ফলাফলে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। আগামী দিনে এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। আজ শনিবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

গত বছরের তুলনায় এবার পাসের হার আরও কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “প্রথমত এই কমে যাওয়াটা গ্রহণযোগ্য নয়। শিখন পদ্ধতিতে ঘাটতি রয়েছে। সবকিছু মিলিয়ে যে ঘাটতি রয়েছে সেটা পুনর্নির্ধারণ করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এটা তাঁদের দায়িত্ব।”

প্রকাশিত ফলাফলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, “ফলাফলে ত্রুটি আছে কি না তা পুনর্মূল্যায়নের পর বোঝা যাবে।”

ভবিষ্যতে আরও স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “প্রধানমন্ত্রী চান সঠিকভাবে যেন মূল্যায়িত হয়, কাউকে যেন অবমূল্যায়িত করা নয় হয়।”

উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।