২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। বেলা ১১টায় দেশের সব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে আলিম পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ফলাফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি অনলাইনে প্রতিষ্ঠানের ফলাফলের শিট বা রেজাল্ট শিট ডাউনলোডের সুযোগ থাকবে।
প্রতিষ্ঠানের ফলাফল যেভাবে ডাউনলোড করবেন
মাদরাসাগুলোকে নিজ নিজ ফলাফলের শিট সংগ্রহ করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করতে হবে।
এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Alim eRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করেও ফলাফলের শিট ডাউনলোড করা যাবে। এ পদ্ধতিতে জেলাভিত্তিক কেন্দ্রের অধীন মাদরাসাগুলোর ফলাফল সংগ্রহ করা সম্ভব।
শিক্ষার্থীরা যেভাবে ফল জানবেন
পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত দুটি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো:
https://eduboardresults.gov.bd
https://educationboardresults.gov.bd
এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
ইন্টারনেট সংযোগ ছাড়াও মুঠোফোনে এসএমএস পাঠিয়ে আলিম পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত ফরম্যাটে বার্তা লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এসএমএসের ফরম্যাট হবে:
HSC Mad Roll Number 2026
অর্থাৎ প্রথমে HSC, এরপর একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর পরীক্ষার্থীর রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখতে হবে।
উদাহরণ হিসেবে, কোনো পরীক্ষার্থীর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর Mad এবং রোল নম্বর 123456 হলে এসএমএসটি লিখতে হবে:
HSC Mad 123456 2026
এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।