যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের এক ভয়াবহ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজে বেড়াচ্ছে দেশটির পুলিশ। অভিযুক্তদের অবস্থান শনাক্ত করার লক্ষ্যে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে, এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের বিনিময়ে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।
বৃহস্পতিবার লন্ডন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশ যাদের খুঁজছে তারা হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ এবং ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যের ভেতরেই অবস্থান করছেন। তবে জাহিদুল হাসান ইতিমধ্যে বাংলাদেশে ফিরে গিয়ে সেখানে অবস্থান করতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশি তথ্যানুসারে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উত্থাপিত হয়। ভুক্তভোগী কিশোরীর দেওয়া বিবরণ অনুযায়ী, লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে তাঁর সঙ্গে দুই ব্যক্তির দেখা হয়। এরপর তাঁরা কিশোরীকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে যান এবং সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার পর এক পথচারী তাঁকে দেখতে পেয়ে দ্রুত সহায়তা করেন।
ধর্ষণের এই ঘটনার পর থেকেই পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদসহ নিবিড় তদন্ত কার্যক্রম চালিয়ে আসছেন। এই তদন্তের নেতৃত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আনা ডেইটন বলেন, “ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়েছে।”
আনা ডেইটন আরও বলেন, “শওকত আহমেদ ও জাহিদুল হাসানের অবস্থান শনাক্ত করে তাঁদের সঙ্গে কথা বলতে চায় পুলিশ। তাঁদের একজন যুক্তরাজ্যে রয়েছেন এবং অন্যজন বাংলাদেশে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।” একই সঙ্গে ওই দুই ব্যক্তিকেও অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ওই কিশোরী ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর হামলার শিকার হয়েছে। তদন্তে দুই ব্যক্তিকে শনাক্ত করা অগ্রগতির বিষয় হলেও তাঁদের অবস্থান খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন যে, কারও কাছে সামান্যতম তথ্য থাকলেও তা তদন্তের গতিপ্রকৃতিতে সহায়ক হতে পারে। ক্রাইমস্টপার্সের কাছে পরিচয় গোপন রেখে যেকোনো তথ্য প্রদান করা যাবে বলে জানান তিনি।
এদিকে অভিযুক্ত দুই বাংলাদেশির ছবি ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেছে লন্ডন পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে। এছাড়া পরিচয় গোপন রেখে ক্রাইম স্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।