‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত না। এটাতো মাদ্রাসা একটা, সিনিয়র মাদ্রাসা। অমানুষদের একটা জায়গা হয়েছে এটা। কি দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে?’

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য মো. ফজলুর রহমান এই কঠোর মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে প্রতিষ্ঠানটি একসময় বাঙালির অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল, সেখানে এখন স্বাধীনতাবিরোধীদের ছবি টাঙিয়ে তাদের জাতির নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান প্রশ্ন তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কি আদৌ এখন শিক্ষাপ্রতিষ্ঠান? তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান আমলে জন্ম নিলেও সেই সময়ের আন্দোলনের কথা মনে রাখা প্রয়োজন।

তিনি বলেন, ‘যে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে শিক্ষায় মুক্তি, সেই ১৯২৭ সন, ১৯২৮ সন, ১৯২৯ সন, ১৯৩০ সন, আব্দুল ওহাব, আবুল হোসেনসহ সমস্ত কবি-সাহিত্যিক যারা ছিল। তাদের জন্ম দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে সেই মুজাফর আহমদ চৌধুরীদের মতো লোক। নীলিমা ইব্রাহিমদের মতো লোক, ড. নাজমা চৌধুরীর মতো লোক। যত আছে সেই আহমদ শরীফদের মতো লোক হুমায়ন আজাদদের মতো লোক, হুমায়ন আহমদদের মতো লোক।’

স্বাধীনতাবিরোধীদের প্রভাব নিয়ে তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসারি করার? যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম, নিজামীর ছবি টাঙানো হয়, এরাই নাকি জাতির নেতা। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো চিন্তাই করি না আমি।’

দেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যাওয়ার বর্তমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘চিন্তা করতে পারতাম, যদি সেই বাঙালি জাতি একদিন মনে করত, আমাদের নেতার নাম ছিল শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমাদের নেতার নাম ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আমাদের নেতার নাম ছিল নেতাজি সুভাষ বোস। আমাদের শহীদের নাম ছিল ক্ষুদিরাম, আমাদের শহীদের নাম ছিল সূর্য সেন।’

ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘যদি একবার মনে করতে পারতাম, আমাদের ভাষা আন্দোলনের শহীদ, মা বলার স্বীকৃতি যারা দিয়ে গেলেন, তাদের নাম ছিল বরকত, সালাম, রফিক, জব্বার। যদি আজও মনে করতে পারেন, এই যে বাঙালির ছেলেরা, যাদের ভীরু বাঙালি বলা হয়, ’৭১ সালে যখন মুক্তিযুদ্ধের ডাক এলো, সেদিন যারা বাবাকে-মাকে কাঁদিয়ে, বাবার বাহুবন্ধন উপেক্ষা করে কেউ গিয়েছিলাম ত্রিপুরার পাহাড়ে, কেউ গিয়েছিলাম মেঘালয়ের পাহাড়ে, কেউ গিয়েছিলাম কলকাতা, জলপাইগুড়ি, কোচবিহারে।’

ফজলুর রহমান স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা যারা দেরাদুনে ট্রেনিং নিয়েছিলাম, দিনের পর দিন, মাসের পর মাস আষাঢ়-শ্রাবণের বৃষ্টিতে যারা যুদ্ধ করেছিলাম, সেই সন্তান যদি আবার বাংলায় আসে, তাহলে এটার নাম হবে বাংলাদেশ। না হলে এখানে অমানুষরা জিতে যাবে। আমরা সব ইতিহাসের জঞ্জাল এবং কঙ্কালে পরিণত হব।’

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ‘আমি আপনাদের আশীর্বাদে আর পাঁচটা বছর বাঁচতে চাই। আমি বাংলাদেশটাকে দেখে যেতে চাই, এটা কি বাঙালির বাংলাদেশ থাকবে, নাকি রাজাকারদের পাকিস্তান? এটা আমি দেখে যেতে চাই এবং এটার জন্য শেষ যুদ্ধটা করে যেতে চাই।’

মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মানের অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা যারা এখন সাহসী হয়ে উঠছে বা তাদের সংখ্যা বেড়ে গেছে, তারা এখন আমাদের হয়তো গুলি করে মেরে ফেলবে। প্রথম ফার্স্ট টার্গেট ফজলুর রহমান টু কিল হিম উইথ অ্যা শট অব অ্যা বুলেট। কিন্তু অসহায় মুক্তিযোদ্ধা মরলে এ দেশে কবরও পাবে না, যেটা প্রমাণ হচ্ছে এ দেশে। আমার নিমদা তো অন্তত তার দাহটা পেয়েছেন শ্মশানে গিয়ে। আমি নাও পেতে পারি কবর। দেশটা এই জায়গায় চলে গেছে।’