মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দাবি করেছেন যে, তিনি কোনো জমি দখল বা চাঁদাবাজি করতে যাননি, বরং তার উদ্দেশ্য ছিল মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে দেশবাসীকে সালাম জানিয়ে ইশরাক হোসেন বলেন, “আমি ইশরাক হোসেন, ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন, এরপর থেকে আমি সেই দায়িত্ব পালন করে আসছি।”
মাদকের বিস্তার রোধে তার অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি সেখানে জমি দখলও করতে যাই নাই, চাঁদাও উঠাতে যাই নাই- মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়েছি।” তিনি আরও মনে করিয়ে দেন যে, মাদকের মূল সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করতে না পারলে এই সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, “মাদকের মূল সাপ্লাই চেইনটাকে ধরতে না পারবো ততক্ষণ আমরা মাদক নির্মূল করতে পারবো না।”
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইশরাক হোসেন বলেন, “গত কয়েকদিন দেশি বিদেশি গণমাধ্যমে কিছু সত্য কিছু অসত্য তথ্য প্রকাশ পেয়েছে। ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যেসব সংবাদ প্রকাশ হয়েছে তার মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় আমার দল ও দলের নেতাকর্মীরা বিব্রত হয়েছে। সেজন্য এ বিষয়টি স্পষ্ট করতে আমি আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি।”