এক সময় হিন্দি চলচ্চিত্র জগতের সবচেয়ে আলোচিত ও চর্চিত অভিনেত্রীদের একজন ছিলেন কিমি কাতকার। পর্দায় সাহসী অভিনয় এবং সহ-শিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন মিলিয়ে তাকে সবসময়ই কেন্দ্রবিন্দুতে রাখা যেত। তবে খ্যাতির চরম শিখরে থাকা অবস্থাতেই রহস্যজনকভাবে হিন্দি সিনেমার জগত থেকে দূরে সরে যান এই অভিনেত্রী।
১৯৮৪ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত মোট আট বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ার ছিল কিমির। এই সময়ের মধ্যে তিনি প্রায় ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদিও অনেক ছবিতে অভিনয় করেছেন, তবে দর্শকদের স্মৃতিতে তিনি আজও অম্লান হয়ে আছেন ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ সিনেমার নায়িকা হিসেবে। অনেকের কাছেই তিনি পরিচিত ‘টারজান গার্ল’ নামে। ওই সিনেমায় রুবি চরিত্রে তার সাহসী অভিনয় সে সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। উল্লেখ্য, প্রায় একই সময়ে অমিতাভ বচ্চনের ‘মর্দ’ এবং ঋষি কাপুরের ‘রাম তেরি গঙ্গা মইলি’র মতো বড় সিনেমা মুক্তি পেলেও, কিমি কাতকারকে পর্দায় দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল।
কেবল টারজান নয়, কিমির অধিকাংশ সিনেমাতেই তাকে খোলামেলা চরিত্রে দেখা গেছে। তবে পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এক ভিন্ন বাস্তবতার কথা জানিয়েছেন। কিমি দাবি করেছেন, নিজের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও বলিউড পরিচালক এবং প্রযোজকদের প্রবল চাপে তাকে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল। এমনকি একটি সিনেমার শুটিং চলাকালীন অসাবধানতাবশত তার পোশাক খুলে গেলেও পরিচালক শুটিং বন্ধ করেননি। কিমির অনেক অনুরোধ ও আপত্তি সত্ত্বেও ওই দৃশ্যটি চূড়ান্তভাবে ছবিতে রাখা হয়।
পর্দার বাইরের ব্যক্তিগত জীবন এবং সহ-অভিনেতাদের সঙ্গে প্রেমের গুঞ্জনও তাকে তাড়িয়েছে দীর্ঘকাল। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মনীশ বহল, ড্যানি ডেনজংপা, সঞ্জয় দত্ত এবং গোবিন্দের সঙ্গে কিমির প্রেমের কথা শোনা গিয়েছিল। শোনা যায়, মনীশ বহলের সঙ্গে তার বাগদান পর্যন্ত সম্পন্ন হয়েছিল।
১৯৯২ সালে ‘জুলম কি হুকুমত’ সিনেমাটি ছিল কিমির শেষ কাজ। এরপর আর তাকে হিন্দি সিনেমার পর্দায় দেখা যায়নি। অভিনয় জীবন ছেড়ে তিনি আলোকচিত্রী ও প্রযোজক শান্তনু শোরেকে বিয়ে করেন।
পারিবারিক জীবনে বিয়ের পর সন্তানের চিকিৎসার প্রয়োজনে দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় অবস্থান করেন তিনি। সেখান থেকে ভারতে ফিরে এসে তিনি পুণেতে বসবাস শুরু করেন। পরবর্তীতে গোয়াতে একটি বাড়ি কিনে সেখানে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। জানা গেছে, বর্তমানে কিমি কাতকার গোয়াতেই জীবন অতিবাহিত করছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া