জাপানের সঙ্গে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

এই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহ্যানুগত এবং অত্যন্ত দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা চালানো হয়।

আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং বাণিজ্য প্রসারের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের (FDI) বাইরে বিকল্প অর্থায়ন (Alternative Financing) ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই বর্তমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন সম্ভাবনাময় খাতে যৌথভাবে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ। জাপানের অর্থায়নে বাংলাদেশে অতীতে অসংখ্য বৃহৎ অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং নতুন নতুন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে।