স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দাবি আদায় না হলে মিছিল নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘেরাও করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের এক অংশে নাহিদ ইসলাম বলেন, “গত এক সপ্তাহে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে বলে লক্ষ্য করা গেছে।”
বর্তমান সরকারের ব্যর্থতার দায়ভার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানান তিনি। এই দাবির গুরুত্ব বোঝাতে তিনি বলেন, “যদি পদত্যাগ না করেন, আমাদের মিছিল বড় হবে। আমরা দাবি আদায়ে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করব।”
সংবিধান সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধনের জন্য বর্তমানে যে কমিটি গঠিত হয়েছে, তা বাতিল করে একটি পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, দেশ পরিচালনায় তারেক রহমানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই; বরং তার পরিকল্পনা রয়েছে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বিষয়ে।
ডিসেম্বরে পতিত স্বৈরাচারের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান আলোচনার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, তবে তারা এখন জনগণকে কীভাবে রক্ষা করবে?