বাংলাদেশে পণ্য উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিধি আরও বিস্তৃত করতে বিনিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্কের খ্যাতনামা কচ্ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেকো। সম্প্রতি কচ্ হোল্ডিং এবং বেকোর এক উচ্চপর্যায় প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। এই সফরের অংশ হিসেবে তারা সিঙ্গার বাংলাদেশের উৎপাদন কারখানা, আধুনিক ধারণাভিত্তিক বিক্রয়কেন্দ্র বা কনসেপ্ট স্টোর এবং প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয় ঘুরে দেখেন। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

সফররত এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কচ্ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন। এছাড়া প্রতিনিধি দলে আরও ছিলেন বেকো এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এবং আর্সেলিক-হিটাচির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাফর উস্টুনার ও বেকোর প্রধান উৎপাদন ও প্রযুক্তি কর্মকর্তা নিহাত বায়িজ।

সফররত কর্মকর্তাদের সাথে এক আলোচনায় সিঙ্গার বাংলাদেশের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম এবং এই দেশে বিনিয়োগের কৌশলগত গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এম এইচ এম ফাইরোজ। তিনি জানান, প্রতিষ্ঠানটি বর্তমানে তিনটি প্রধান ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “সিঙ্গার বাংলাদেশ উৎপাদন, ব্যবসা পরিচালনা এবং কর্মীদের কর্মপরিবেশ—এই তিন ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করছে।”