বাংলাদেশ থেকে প্রতি বছর এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়েছিল যে, জাপান এক লাখ বাংলাদেশি কর্মী নিতে সম্মত হয়েছে। দেশটির সরকার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি এবং প্রেস অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসির মহাপরিচালক কিতামুরা তোশিহিরো তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট পোস্টে উল্লেখ করা হয়, “সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জাপান সরকার বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিতে সম্মত হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তবে ২৭ অক্টোবরের জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকের আলোচনাসহ কোথাও এমন সিদ্ধান্তের তথ্য নেই।”

জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকের প্রকৃত ফলাফল এবং বিস্তারিত তথ্যের জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে ওই পোস্টে।

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে জাপানে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়ে বছরে এক লাখ কর্মী পাঠানোর একটি পরিকল্পনার কথা জানানো হয়েছিল। সেই পরিকল্পনায় কারিগরি প্রশিক্ষণার্থী, নির্দিষ্ট বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মী এবং পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।

তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এই বিবৃতির মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে, বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সম্মতি দেওয়া হয়নি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি সঠিক নয়।