পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও গার্ড অব অনার প্রদান প্রক্রিয়ায় বাধা দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ড।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন এবং গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে কিছু অসাধু ব্যক্তির বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করেন। বক্তারা স্পষ্টভাবে উল্লেখ করেন যে, মানিক পশারী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা। তারা আরও বলেন, "যদি কারও কোনো আপত্তি থাকে, তবে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার আহ্বান জানাই।"

উল্লেখ্য যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার মামলায় বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী।