রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের লোকজনকে ছত্রভঙ্গ করার ঘটনায় পুলিশ কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীন করার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে আজ বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে মঞ্চের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়।
এ সময় পুলিশকে জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার এবং লাঠিপেটা করতে দেখা গেছে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও আজ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনা ভিন্ন খাতে নিতে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তা ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং এতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র (লেথাল উইপন) বা গুলি ব্যবহার করা হয়নি।
ডিএমপি বলেছে, ওই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হন। এ নিয়ে কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ডিএমপি সর্বসাধারণকে বিনীত অনুরোধ করেছে।






