সাইবার নিরাপত্তার দুনিয়ায় একের পর এক আশঙ্কাজনক দুর্বলতা সামনে আসছে। সম্প্রতি পিএইচপি-র নিরাপত্তাত্রুটির কথা জানা যাওয়ার পর এবার কম্পিউটারের ফার্মওয়্যার তৈরির কাজে ব্যবহৃত ওপেন সোর্স ডেভেলপমেন্ট কিট ‘টিয়ানোকোর ইডিকে টু’-তে এক গুরুতর নিরাপত্তাসঙ্কটের কথা জানা গেছে। এই বিশেষ ত্রুটির সুযোগ নিয়ে সার্ভারে অপারেটিং সিস্টেম চালু হওয়ার আগেই ক্ষতিকর কোড প্রবেশ করানো সম্ভব হতে পারে। এর ফলে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত লাখ লাখ সার্ভার মারাত্মক নিরাপত্তাঝুঁকিতে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

‘সিভিই–২০২৬–৯৭৬৩১’ হিসেবে চিহ্নিত এই নিরাপত্তাত্রুটি যৌথভাবে শনাক্ত করেছেন গুগলের ড্যান হোমস–মিত্রা এবং অ্যানথ্রপিকের অ্যালেক্স মাতরোসভ। এই ত্রুটির মাধ্যমে যে ধরনের ক্ষতি হতে পারে, তার ভয়াবহতা বিবেচনা করে একে অত্যন্ত গুরুতর হিসেবে গণ্য করা হচ্ছে। বিশেষ করে ডেটা সেন্টার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সার্ভার নেটওয়ার্ক থেকে কোড ডাউনলোড করে চালু হয়, সেগুলো এই ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় আশঙ্কা করা হচ্ছে যে, বিশ্বের অধিকাংশ সার্ভারই এর দ্বারা আক্রান্ত হতে পারে।

তদন্তে দেখা গেছে, ত্রুটিটি ইডিকে টুর পিএক্সই বেস কোড ড্রাইভারে বিদ্যমান। এই ড্রাইভারটি মূলত সার্ভার এবং স্টোরেজ যন্ত্রসহ বিভিন্ন ডিভাইসের নেটওয়ার্ক থেকে প্রয়োজনীয় কোড সংগ্রহ করে চালু করার প্রক্রিয়া পরিচালনা করে। এই প্রক্রিয়ায় অপারেটিং সিস্টেম পুরোপুরি চালু হওয়ার আগেই যন্ত্রের বিভিন্ন প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়ে যায়। ফলে সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়ার আগেই হ্যাকাররা তাদের ক্ষতিকর কোড সক্রিয় করে তুলতে পারে।

ইউইএফআই ফার্মওয়্যারে নিরাপত্তার দুর্বলতা ধরা পড়ার ঘটনা আগে কখনও ঘটেনি তা নয়। তবে সম্প্রতি পিএইচপিতে একটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে, যার ফলে বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একের পর এক এমন বড় ধরনের ত্রুটি সামনে আসায় বিশ্বজুড়ে ডিজিটাল ও প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।