রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বেতন বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের এই আকস্মিক আন্দোলনের ফলে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের প্রধান দাবি হলো ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করা। বিক্ষোভকারীরা গোলচত্বর এলাকায় অবস্থান নেওয়ায় একপর্যায়ে সেখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

এই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার মুক্তকণ্ঠকে বলেন, “ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর–১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।”