দেশের সিরামিক শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএকে সিরামিকসের লোকসানের পরিমাণ হ্রাস পেয়েছে। মূলত কোম্পানির বিক্রয় বৃদ্ধির ফলে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসের হিসাব অনুযায়ী, কোম্পানিটি প্রায় ৩ কোটি টাকা লোকসান করেছে। অথচ গত বছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আরএকে সিরামিকসের লোকসান কমেছে প্রায় ১৬ কোটি টাকা। প্রতিষ্ঠানটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের এক সভায় চলতি বছরের প্রথম ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে আজ বুধবার দেশের দুটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের আর্থিক সূচকের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য জানানো হয়েছে।

আর্থিক প্রতিবেদনের বিস্তারিত তথ্যে দেখা যায়, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি মোট ৫৬০ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে এই ব্যবসার পরিমাণ ছিল ৫১৬ কোটি টাকা। সেই হিসেবে এক বছরে কোম্পানির ব্যবসা বেড়েছে ৪৪ কোটি টাকা, যা শতকরা হিসেবে সাড়ে ৮ শতাংশের বেশি। চলতি বছরের প্রথম ৯ মাসে ৫৬০ কোটি টাকার ব্যবসার বিপরীতে আরএকে সিরামিকস ১৮ কোটি ২৮ লাখ টাকার বেশি পরিচালন মুনাফা অর্জন করেছে। তবে ব্যাংকঋণের সুদ, সরকারি কর এবং শ্রমিককল্যাণ তহবিলের ব্যয় মেটানোর পর চূড়ান্ত হিসাবে এই পরিচালন মুনাফা লোকসানে পরিণত হয়। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকঋণের সুদাসল বাবদ কোম্পানিটি পরিশোধ করেছে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। এছাড়া শ্রমিককল্যাণ তহবিলে দেওয়া হয়েছে সোয়া ১ কোটি টাকা এবং সরকারের কর বাবদ পরিশোধ করা হয়েছে দেড় কোটি টাকা।

এদিকে লোকসানের এই খবরের পর আজ ঢাকার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম ২০ পয়সা কমে ২৪ টাকায় দাঁড়িয়েছে।