বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ জনবল গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমি।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতির (সিবিটিএ) কোর্স উপকরণ পর্যালোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
গত ২৫ থেকে ২৭ অক্টোবর ঢাকায় সিভিল এভিয়েশন একাডেমিতে ‘Conducting a Cursory Review of Competency-based Training and Assessment (CBTA) Course Materials’ শীর্ষক প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিএও-এর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি।
প্রশিক্ষণে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ ব্যবস্থাপক, ইনস্ট্রাক্টর, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ফ্লাইট সেফটি অফিসারসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সিবিটিএ পদ্ধতির আওতায় তৈরি প্রশিক্ষণ কোর্সের উপকরণ পর্যালোচনায় অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো। পাশাপাশি প্রশিক্ষণ উপকরণের গুণগত মান যাচাই, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের কার্যকারিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইসিএও ইনস্ট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মানসম্মত ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্স প্রণয়ন এবং পর্যালোচনার সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, প্রশিক্ষণ উপকরণের মান নিশ্চিতকরণ এবং দক্ষ জনবল গড়ে তোলার প্রচেষ্টা আরও জোরদার হবে।
প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম বলেন, বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ ও যোগ্য জনবল গড়ে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ উপকরণের যথাযথ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিটিএ পদ্ধতির কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মদক্ষতা মূল্যায়ন ও প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অবদান রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন আইসিএও-এর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি।