নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যুর পর থেকেই যেন চরম অস্থিরতার মধ্য দিয়ে কাটছে স্থানীয় বিএনপি সংসদ সদস্য আব্দুল আজিজের পরিবারের সময়। ঘটনার সূত্রপাত হয় যখন হত্যা মামলায় গ্রেপ্তার হন আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু। পরবর্তীতে আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। তবে রিমান্ডের প্রথম দিনটি শেষ হতে না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আব্দুল আজিজের বেশ কিছু আপত্তিকর ভিডিও, যা বর্তমানে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন মোবাইল ফোনের স্ক্রিন খুললেই সামনে আসছে ওই বিতর্কিত ভিডিওগুলো।
তবে এই পুরো বিষয়টি নিয়ে সংসদ সদস্য আব্দুল আজিজের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এআই (AI) সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে। তার দাবি, ছড়িয়ে পড়া এসব ভিডিওর কোনো বাস্তব সত্যতা নেই।
গত বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকেই নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের তিনটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসায় এলাকায় তাকে নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওগুলোতে দেখা যায়, এমপি আব্দুল আজিজ একটি ঘরের খাটের ওপর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছেন। আর একজন নারীর কণ্ঠে বিভিন্ন অশ্লীল কথাবার্তায় তাকে সঙ্গ দেওয়া হচ্ছে।
নিজের এই ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে সংসদ সদস্য আব্দুল আজিজ মুক্তকণ্ঠকে বলেন, “ভিডিওগুলো সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আমার রাজনৈতিক একটি প্রতিপক্ষ আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এখন ইন্টারনেটের যুগ। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যেতে পারে। প্রতিপক্ষ আমার সুনাম ও সুখ্যাতি নষ্ট করা জন্য এগুলো তৈরি করছে।”
এই স্পর্শকাতর বিষয়ে নাটোর জেলা সনাকের সভাপতি আব্দুর রাজ্জাক মুক্তকণ্ঠকে বলেন, “একজন সংসদ সদস্য দেশের আইন প্রণেতা। তিনি যদি এমন অপকর্ম করেন তাহলে আমাদের সমাজের কী হবে। একজন সংসদ সদস্যের এমন নৈতিক স্খলন কোনোভাবে মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী এগুলো যেন টলারেট না করে সেজন্য আমি আহ্বান জানাবো।”
অন্যদিকে, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এ বিষয়ে মুক্তকণ্ঠকে জানান, কোনো সদস্য বা দলের কারো নৈতিক স্খলন হলে সাংগাঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “আহ্বায়ক কমিটির চলতি মাসের সভায় সংসদ সদস্য আব্দুল আজিজের ঘটনা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ঊর্ধ্বে না। দলীয় শৃঙ্খলা দলের সবার জন্য সমান।”