শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দক্ষ করে তোলার লক্ষ্যেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, কেবল সার্টিফিকেট প্রদানের জন্য নয়। বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
বক্তৃতায় শিক্ষামন্ত্রী উল্লেখ করেন যে, অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন শুরু হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তারা তা সম্পন্ন করতে পারেন না। এই ধরনের শিক্ষার্থীদের পুনরায় পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করে দেওয়াই হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব।
দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে (বাউবি) আরও যুগোপযোগী করার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, “শিক্ষাকে আরো সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বেগম খালেদা জিয়া বাউবি প্রতিষ্ঠা করেন। এর ফলে শিক্ষাজীবনে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে শিখতে পারেন।” একইসাথে বিশ্ববিদ্যালয়টিকে আরও উন্নত ও আধুনিক করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মানবসম্পদ উন্নয়নের বিষয়ে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানান, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা টিভেট-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্য অর্জনে সম্প্রতি ‘বেইজিং অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে চীনের সাথে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা এই খাতের অগ্রগতিতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
আলোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত 'ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট) শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এছাড়া ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ৯ জন শিক্ষার্থীকে ‘ডিন'স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।