কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়নে পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় ১৩০ জন নারী কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এই বিষয়ে মুক্তকণ্ঠে সংবাদ প্রকাশের পর পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারে অসংগতি, ইউনিয়ন পরিষদে চিঠি পৌঁছাতে দেরি হওয়া এবং চাকরি দেওয়ার প্রলোভনে দরিদ্র নারীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ সামনে আসার পর আবেদন জমার সময় এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এলজিইডি ঘোষণা করেছে যে, আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে উপজেলা প্রকৌশলী নিজেই বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ২টায় কুষ্টিয়া সদর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “অনেকেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত না হওয়ায় আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নির্ধারিত দিনে সবার সামনে লটারির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, “চাকরির ফলাফল দেওয়ার কথা বলে যারা অর্থ হাতিয়ে নিয়েছেন, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা করার কথা জানান।
অন্যদিকে, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ মুক্তকণ্ঠকে বলেন, “নারী কর্মী নিয়োগে অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “কেউ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নিয়ে থাকলে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি প্রকৃত যোগ্য ও অসহায় নারীরা যাতে নিয়োগের সুযোগ পান, সে বিষয়ে প্রশাসনের নজর থাকবে বলেও তিনি জানান।
এর আগে গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) মুক্তকণ্ঠে ‘কুষ্টিয়ায় এলজিইডির নারী কর্মী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, ছাগল বিক্রি করে দিয়েছেন টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারে অসংগতি এবং ইউনিয়ন পরিষদগুলো যথাসময়ে বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত না হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগ্রহী নারীরা আগামী ৩ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শর্ত অনুযায়ী প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া আবেদনকারীকে কুষ্টিয়া সদর উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, শারীরিকভাবে কায়িক শ্রমে সক্ষম হতে হবে এবং নির্ধারিত জমির সীমা মেনে চলার শর্ত রয়েছে।
এলজিইডি জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আগামী ৫ নভেম্বর উপজেলা অডিটরিয়ামে সবার সামনে লটারি আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।