বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল সংস্থা ‘ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে ইউনিক্লোর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততা ও আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাত, বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং পরিবেশবান্ধব ও টেকসই পোশাক উৎপাদন খাতে নতুন বিনিয়োগের জন্য ইউনিক্লোর প্রতি আহ্বান জানান।

প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যের উদ্ভাবন ও আধুনিক উৎপাদন ব্যবস্থা জোরদারের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জমি বরাদ্দ, বিনিয়োগ অনুমোদন ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণে সরকার সব ধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে।

এছাড়া, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

জাপানি প্রতিনিধিদলের পক্ষে আরও উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।