লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন'-এর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চতুর্থ ব্যাচের আহসান হাবিব এবং সদস্যসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সপ্তম ব্যাচের মো. কামরুল হাসান হৃদয়।
গত সোমবার (২৬ অক্টোবর) রাতে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর রহমান এই আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন। মূলত সংগঠনের জন্য একটি সুনির্দিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য সামনে রেখেই এই অন্তর্বর্তী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে চতুর্থ ব্যাচের মির্জা সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক এবং পঞ্চম ব্যাচের মো. তায়্যেবুল ইসলাম শোভন যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চতুর্থ ব্যাচের মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক হয়েছেন ষষ্ঠ ব্যাচের মতিউর রহমান আরিফ, অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সপ্তম ব্যাচের শামসুল আরেফিন এবং প্রচার সম্পাদক হয়েছেন ষষ্ঠ ব্যাচের রেদোয়ান আহমেদ। নারী বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন সূচনা ইসলাম ও আয়েশা কবির লিপা।
অভিজ্ঞতার আলোকে কমিটির উপদেষ্টা প্যানেলে স্থান পেয়েছেন প্রথম ব্যাচের আবুল হাসান সোহেল, দ্বিতীয় ব্যাচের শিমুল চৌধুরী এবং তৃতীয় ব্যাচের ফজলে রাব্বি ও রাকিব হাসান আকিব। এছাড়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধিকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যসচিব মো. কামরুল হাসান হৃদয় বলেন, “বাংলা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একত্র করার একটি প্ল্যাটফর্ম হবে এ সংগঠন। প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ব্যাচের শিক্ষার্থীরা এর মাধ্যমে একত্রিত হবেন এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবেন।”
তিনি আরও উল্লেখ করেন, “এটি শুধু প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং সবার বিপদে-আপদে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। পাশাপাশি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন তৈরি করাও এ সংগঠনের অন্যতম লক্ষ্য।”