পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন প্রক্রিয়ায় বাধা দেওয়ার ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হন, তারা কোনোভাবেই সমাজের সমর্থন পাবেন না।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে অংশ নেন উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছিলেন মুক্তিযোদ্ধা মানিক পশারী।

গত শনিবার মানিক পশারীর মৃত্যু হয়। তবে পিরোজপুরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করাকে কেন্দ্র করে ওইদিন চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তাঁর দাফন সম্পন্ন করার ক্ষেত্রেও বাধা দেওয়ার ঘটনা ঘটে।

এই স্পর্শকাতর বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘আমি এটা নিয়ে বলতে চাই যে আমাদের সামনে যে তথ্য আসল, সেটা আসলে খুবই দুঃখজনক। যে রাজনৈতিক দল এটির সঙ্গে জড়িত হয়ে কাজগুলো করেছে, আমি নিশ্চিতভাবেই বলতে পারি, এটার কনসিকোয়েন্স তারা অনুভব করবে। এটা আসলে কেউ সঠিকভাবে নেয়নি। এই প্রবণতা কিন্তু আগেও হয়েছে উল্টো দিক থেকে। যখন কিছু মানুষের বিচার হলো, তারপর তাদের মরদেহের ওপর এ ধরনের আচরণ করা হয়েছিল, তখন যারা এই বিচারগুলোর পক্ষেও ছিলেন, কিন্তু মরদেহের সঙ্গে আচরণগুলো আসলে কেউ পছন্দ করেননি। সুতরাং এখানে যাঁরা এই কাজগুলো করেন, তাঁরা আসলে সমাজে আলটিমেটলি তাঁরা এখানে নিগৃহীত হবেন, সমাজে তাঁরা প্রশংসা বা কোনোভাবে এটার থেকে সমর্থন পাবেন না। আমরা এই প্রসঙ্গে এটুকু বলতে চাই।’