কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরে ডুবে আবদুর রহমান ও জুবায়ের নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে। অন্যদিকে, জুবায়ের একই গ্রামের জুয়েল রানার ছেলে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই শিশু পুকুরপাড়ে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরে তাদের আরেক ভাই ডুবে থাকতে দেখে চিৎকার করে। তার ডাকাডাকি শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।