ফরিদপুরের বোয়ালমারীতে দাদাকে খুঁজতে গিয়ে পুকুরে পড়ে আবিদ শেখ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার ছোলনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবিদ শেখ ছোলনা পূর্বপাড়া গ্রামের হাসেম শেখের নাতি এবং সৌদি আরবপ্রবাসী কামাল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে দাদার সঙ্গে ছোলনা এলাকার সিদ্দিকুর রহমান চেয়ারম্যানের পুকুরে গোসল করতে যায় আবিদ। গোসল শেষে দাদার সঙ্গে বাড়িতে ফেরে সে। পরে বাড়িতে দাদাকে না পেয়ে তাকে খুঁজতে আবার পুকুরপাড়ে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে কুশাডাঙ্গা গ্রামের আলতাব হোসেন শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত পুকুরে নেমে তিনি আবিদকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাদ বিন মেহের জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
আবিদের বাবা কামাল শেখ জীবিকার প্রয়োজনে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিন বছরের শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।