খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে এক সিগারেট কোম্পানির কর্মীর ল্যাপটপের ব্যাগ ছিনতাই করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের একটি কোম্পানি ডিলার পয়েন্টের সামনে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তির নাম সালমান (২৫)। তিনি জাপান টোব্যাকো কোম্পানির ওই ডিলার পয়েন্টের একজন অফিস সহকারী এবং একই এলাকার সবুজবাগ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনাস্থলে এসে পৌঁছান। তারা হঠাৎ করেই সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়েন, যার একটি গুলি তাঁর পেটের ডান পাশে আঘাত করে। এরপর সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই সহকর্মীরা আহত সালমানকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

খুলনা থানার ওসি মুক্তকণ্ঠকে বলেন, “চিকিৎসকেরা আহত সালমানকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। গুলির কারণ ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, খুলনায় সাম্প্রতিক সময়ে বন্দুক হামলার প্রবণতা বাড়ছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মো. সোহেল শেখ (৩৪) নামের এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।