আফরান নিশো এবং তমা মির্জার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘খলনায়ক’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। জানা গেছে, কলকাতার সেটেই অত্যন্ত গোপনীয়তার সাথে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সিনেমাটি মুক্তির আগে মেহজাবীনের এই উপস্থিতিকে একটি বড় চমক হিসেবে উপস্থাপন করতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আর ঠিক এই কারণেই তারা বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে সিনেমার সাথে যুক্ত একাধিক সূত্র মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছে যে, মেহজাবীন এই ছবিতে অভিনয় করেছেন। এটি হতে যাচ্ছে মেহজাবীনের ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘প্রিয় মালতী’ এবং ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

ছোট পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে বৈচিত্র্যময় গল্পের কনটেন্ট তৈরির মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র হিসেবে নির্মিত হচ্ছে ‘খলনায়ক’। শুরু থেকেই এই সিনেমাটি ঘিরে এক ধরণের রহস্য ও গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা ভিকি জাহেদ। ছবির মূল কাহিনী এবং অভিনয়শিল্পীদের নির্দিষ্ট চরিত্র সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সিনেমাটির শুটিং ঢাকা ও কলকাতায় সম্পন্ন হয়েছে। এই ছবিতে আরও অভিনয় করেছেন প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার এবং কলকাতার অভিনেত্রী প্রিয়াংকা সরকার।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে বর্তমানে এই বছর মুক্তির বিষয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক থাকলে, আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে ‘খলনায়ক’ সিনেমাটি।