ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী মো. আহসান উল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। রোববার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া আমরাবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আহসান উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকার মাগুর মাছের গাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহজাহান এবং মায়ের নাম হালিমা বেগম।
তদন্তকারী পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাত ১০টার পর থেকে ৯ অক্টোবর সকাল ৯টার মধ্যবর্তী সময়ে নিজ বাড়ির শয়নকক্ষে ধারালো ছুরি দিয়ে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, পারিবারিক বিরোধের কারণেই এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি মরদেহ ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।