মেহেরপুরের বারাদী বাজারে আড্ডারত অবস্থায় কথা-কাটাকাটির জেরে খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। তবে আটক হওয়ার পর তাদের মোবাইল ফোন তল্লাশিতে অনলাইন জুয়া পরিচালনার চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় তাদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে পুলিশ তাদের কাছ থেকে দুটি আইফোনসহ মোট পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস এবং একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড জব্দ করেছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করার পর অভিযুক্ত দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মো. আবু সাইদের ছেলে সাব্বির আহমেদ (২২) এবং পিরোজপুর গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে মো. মাফুজুর রহমান ওরফে শিপন (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে বারাদী বাজারে আড্ডা দেওয়ার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ওই দুই যুবক একটি খেলনা পিস্তল বের করে প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে এবং দ্রুত বারাদী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হয় যে সেটি আসল অস্ত্র নয়, বরং একটি খেলনা পিস্তল ছিল।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বারাদী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে জান্নাত এন্টারপ্রাইজের সামনে থেকে ওই দুই যুবকের ব্যবহৃত মোবাইল ফোনগুলো তল্লাশি করে পুলিশ অনলাইন জুয়া পরিচালনার সংশ্লিষ্টতার প্রমাণ পায়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন ও একটি ব্যাংক কার্ড জব্দ করা হয়। জব্দ করা ফোনগুলোর মধ্যে রয়েছে দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, একটি সাদা রঙের অপো এ১৫এস এবং একটি গ্লোয়িং গ্রিন রঙের অপো এ৫৭। এছাড়া ডাচ-বাংলা ব্যাংকের একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে। জব্দ করা ৫টি স্মার্টফোনের ফরেনসিক পরীক্ষা চালিয়ে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয় যে তারা অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পুলিশের দেওয়া তথ্যানুসারে, জব্দ করা রুপালি ও কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্সের প্রতিটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এছাড়া সাদা রঙের অপো এ১৫এস-এর মূল্য প্রায় ১৩ হাজার টাকা এবং গ্লোয়িং গ্রিন রঙের অপো এ৫৭-এর মূল্য প্রায় ১৭ হাজার টাকা। সব মিলিয়ে ডিভাইসগুলোর আনুমানিক মোট মূল্য ধরা হয়েছে চার লাখ ৩০ হাজার টাকা।
সোমবার বিকেলে এই ঘটনায় ওই দুই যুবকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা মুক্তকণ্ঠকে বলেন, “খেলনা পিস্তল দিয়ে ভয় দেখানোর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যায়।”
তিনি আরও বলেন, “পরবর্তী সময়ে জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে তাদের পাশাপাশি অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”